Sunday, August 23, 2026

The Dream - Not an AI content

 নিজেকে চেনা খুব গুরুত্বপূর্ণ কাজ - তার জন্য নিজেকে বারবার ভাঙ্গতে হয়। ঘরবাড়ি জানালা দরজা সব নতুন করে লাগাতে হয়, বারবার - যতদিন না আলো ঠিকভাবে ঠিক জায়গায় পড়ছে। হাওয়া ঠিকভাবে ঢুকে ঠিকভাবে বেরোচ্ছে। আমাকে যারা খুব ছোট থেকে চেনে, আমার কার্য-কলাপ সম্পর্কে খোঁজ রাখে, তারা অলমোস্ট সবাই আমায় পাগলই ভাবে। খামখেয়ালি পাগল। সে ভাবুক। কিন্তু আমি নিজেকে কি ভাবি? আমি কেন এমন কাজ করি বা সিদ্ধান্ত নিই যে আমায় লোকে পাগল ভাববে? ওই যে নিজেকে চেনা। গতানুগতিক জীবন, ভাবধারা এখন আমার যদি না পোষায় আমি কি করতে পারি? আমায় খুঁজতে বেরোতেই হবে - কোন রাস্তায় আমার জন্য শান্তিটি লেখা আছে। অনেক খুঁজে, এদিক ওদিক, এই রাস্তা, সেই রাস্তা ঘুরে, হাজার ধাক্কা, অসম্মান হজম করে তারপর নিজেকে একটু চিনেছি। আমার মুক্তি সাধকের জীবনে লেখা আছে। হিমালয়ের কোলে বা আল্পসের লেকের ধারে আলপনা আঁকায় আমার মুক্তি। কিছু দায়িত্ব আছে সেসব মেটানোর আগে আমি তো নিজের খোঁজে বেরোতে পারিনা। তার আগে অবদি আমায় এই সমাজে সকলের সাথে সকলের মতো অভিনয় করে মুখোশ পরে থাকতে হবে। কিছু করার নেই। দায়িত্বগুলো মিটলেই, যদি সেদিনও আমার মধ্যে একই রকম প্রাণশক্তি থাকে, একইরকম অনুসন্ধিৎসা, জিজ্ঞাসা, প্রশ্ন থাকে ; অজানাকে জানার, অচেনাকে চেনার তীব্র অভিলাষ থাকে - আমায় আর এই সমাজ সেদিন সন্তুষ্ট করতে পারবেনা। সহস্র কোটি টাকা, রাজার সিংহাসন ও আমায় সেদিন আর ধরে রাখতে পারবেনা। আমার একটা আশ্রম থাকবে পাহাড়ের ঢেউ যেখানে উপত্যকার বালুরাশিতে মেশে, যেখানে ট্র‍্যাফিকের শব্দের অভাব পূর্ণ করবে ঝর্ণার জলকণার রেজোন্যান্স। মানুষের লোভ, হিংসে, অহংকার, বস্তুবাদ যেখানে চারিদিকে বেড়া দিয়ে দাগ কেটে আটকানো থাকবে। আশ্রমের বাইরে লেখা থাকবে - "নিজের দল, ধর্ম, ইগো, জাত আর যা কিছু মানুষে মানুষে ভেদাভেদ আনে সব বাইরে রেখে আসুন"..

আমি সেই স্বপ্ন দেখি যেদিন আমার সারা জীবনের অর্জিত দর্শন আমার দেহের মৃত্যুর আগে সবার আত্মার মধ্যে ছড়িয়ে যেতে পারবো। আমি সেই জায়গার পথিকৃৎ হবো যেখানে গেলে মানুষ নিজেকে খুঁজতে সাহস পাবে, নিজের জিজ্ঞাসাকে আস্কারা দিতে আগে পিছু ভাবতে হবেনা। আমি সেই জায়গার জন্ম দেবো যেখানে প্রত্যেকের জিনে লেখা সৃজনশীল বরাদ্য ট্যালেন্টের অবদান সে রেখে যেতে পারবে। যেখানে আর কোন সুপ্রভাতের দমবন্ধ হয়ে আসবে না - খোলা হাওয়া তে নতুন শিক্ষার দিগন্ত হবে উন্মুক্ত। সেই দিনের স্বপ্ন নিয়ে আমি রোজ বাঁচি - এত কিছুর পরেও। আগামীদিনেও বাঁচবো - যাই হয়ে যাক। কারণ আমি আর নিজের জন্য বাঁচি না। আমি একটা স্বপ্ন, জীবন-দর্শন আঁকড়ে বাঁচি - তাই আমার নশ্বর দেহের মৃত্যু হলেও আমি অবিনশ্বর। দেহের মৃত্যু আছে, দর্শনের মৃত্যু নেই। তবুও খুব ভালো লাগবে যদি নিজের হাতে এই স্বপ্ন বা দর্শনের ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে নতুন পথের খোদাই অব্দি দেখে মরতে পারি। এমন একটা সভ্যতার সূচনা যদি দেখে যেতে পারি যেখানে প্রকৃতির স্বাভাবিক নিয়ম, মানব প্রবৃত্তি আর প্রযুক্তি সহাবস্থান করছে, যেখানে মানুষ খুব খুশি থাকবে - সেদিন আমার জীবন সার্থক হবে। আমি সেদিন শান্তিতে চোখ বুজতে পারবো।। 

পাঁচ মিনিট

"বিষ টা খাওয়ার আগে একবার আমাকে বলতো!! " কথাটা শেষ করতে না করতেই গলা ধরে এলো কিরণ এর। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এর বাইরে ...